শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আসিফ নজরুলের ব্যঙ্গাত্মক পোস্ট, ‘জানুয়ারির কথামালা’ ঘিরে আলোচনা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে ‘জানুয়ারির কথামালা’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তা নিয়ে সম্ভাব্য নানা ব্যাখ্যা তুলে ধরেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ডিসেম্বরে ফিরলে লাখ লাখ মানুষ তাঁর জন্য জীবন দিতেন। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন!
এ ছাড়া ‘ডিসেম্বরে ফিরব’—এমন বক্তব্যকে শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল উল্লেখ করে তিনি বলেন, এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।
পোস্টে আরও বলা হয়, ডিসেম্বর তো আরও আছে, দেখা যাক পরের ডিসেম্বরে কী হয়। এমনকি আগামী মার্চে ফেরার সম্ভাবনার কথাও ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন তিনি।
পোস্টের শেষাংশে বিমান ভুল করে সিকিম চলে যাওয়া এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে দেশে ফিরতে বিলম্ব হওয়ার মতো মন্তব্যও করেন আসিফ নজরুল।
মূলত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং সেটিকে ঘিরে বিভিন্ন মহলের সম্ভাব্য বক্তব্যকে ব্যঙ্গ করেই তিনি এই পোস্ট দিয়েছেন।
আসিফ নজরুলের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com