ডেস্ক নিউজ:
অন্যকে হাসাতে ভালোবাসে ১২ বছর বয়সী শিশু রাহাত হোসেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মজার মজার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিতি পেয়েছে সে। তার ভিডিওতে হাসি ফোটে অসংখ্য মানুষের মুখে। কিন্তু সেই হাসিমুখের আড়ালেই লুকিয়ে রয়েছে এক কঠিন জীবনসংগ্রাম।
জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রাহাত। নিয়মিত রক্ত গ্রহণ ও চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। দিনমজুর বাবার সীমিত আয়ে সন্তানের চিকিৎসা ও পড়ালেখার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাহাতের অসুস্থতা ও জীবনসংগ্রামের বিষয়টি লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে রাহাতকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় তার চিকিৎসা ও পড়ালেখার সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবে বিভিন্ন অনুদান ও চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে রাহাত ও তার পরিবারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, সমাজের মেধাবী, সংগ্রামী শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অন্যের মুখে হাসি ফোটানো ছোট্ট রাহাতের নিজের জীবনেও যেন ফিরে আসে সুস্থতা ও স্বপ্নপূরণের হাসি—এমন প্রত্যাশা সবার।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com