নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের এই ঘটনায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের পর মাদ্রাসার বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক জানান, ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীদের শরীরে সরাসরি পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছেন সংশ্লিষ্টরা।
দেশ দিগন্ত অনলাইন নিউজ।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com