সৌদি আরব সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ তৈরি হয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনলাইন কুইজ ও লটারি প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সুযোগ পেতে পারেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের জন্য রয়েছে ওমরাহ পালনের বিশেষ প্যাকেজ।
আয়োজিত প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ দেওয়ার কথা জানানো হয়েছে। প্রতিটি প্যাকেজে একজন বিজয়ী তাঁর মনোনীত একজন সঙ্গীসহ সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন সুবিধা পাবেন।
যেভাবে অংশ নেবেন:
প্রথমে স্মার্টফোনের গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সৌদি সরকারের অফিসিয়াল ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
এরপর নিজের নাম, ই-মেইল, দেশের নাম এবং বৈধ পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ই-মেইলে পাঠানো ওটিপি কোড দিয়ে অ্যাকাউন্টটি যাচাই করতে হবে।
নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ অপশনে প্রবেশ করে কুইজে অংশ নিতে হবে। পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত, ইসলামি ইতিহাস ও ওমরাহসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীর নাম দৈনিক লটারির তালিকায় অন্তর্ভুক্ত হবে। এ ছাড়া ইনভাইট কোডের মাধ্যমে বন্ধু ও পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়ার সুযোগ রয়েছে।
তবে মনে রাখতে হবে, প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ নিশ্চিত নয়। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। তাই অংশগ্রহণের আগে অ্যাপের নিয়ম ও শর্তাবলি ভালোভাবে যাচাই করতে হবে। প্রতারণা এড়াতে কোনো অপরিচিত ব্যক্তি বা ওয়েবসাইটকে টাকা কিংবা পাসপোর্টের তথ্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com