
আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে প্রবাসী এক যুবকের বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ইউরোপের একটি দেশ থেকে ফেসবুক লাইভে এসে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় মতলব উপজেলা ইমাম-ওলামা ঐক্য পরিষদ খাদেরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর আগেই উত্তেজিত জনতা প্রবাসীর বসতঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ বিষয়ে ইউএনও আমজাদ হোসেন বলেন,
“প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে তার অপরাধের দায়ে বাড়িঘরে হামলা বা অগ্নিসংযোগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সবাইকে আইন মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে হবে।”
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com