রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকাল আনুমানিক ৯টায় উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ (৬২) ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের গোয়ালঘরের কাছে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী বারেকের সঙ্গে হানিফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বারেক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রিপন অভিযোগ করে বলেন, “গোয়ালঘরের পাশে মাটি কাটাকে কেন্দ্র করে বারেক আমার বাবাকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com