
প্রদীপ কুমার রায়,
নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে প্রশাসন। একই সঙ্গে দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ মুক্ত করা হয়েছে।
শনিবার (১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বেশ কিছু দোকানি তাদের পণ্যসামগ্রী দোকানের বাইরে ফুটপাতে রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। তিনি জানান, জনসাধারণের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এ অভিযানে সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ এবং রায়পুর পৌরসভার সদস্যবৃন্দ।
স্থানীয় পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com