লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে বাবার মরদেহ বাড়িতে থাকা অবস্থায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা ও জমির দলিলপত্র নিয়ে ভাই-বোনদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ৮১ বছর বয়সী মফিজ উল্ল্যা মঙ্গলবার দুপুরে স্ট্রোক করে মারা যান। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার পর তাঁর দাফন সম্পন্ন হয়।
পরিবারের অভিযোগ, বাবার মরদেহ বাড়িতে থাকা অবস্থায় তাঁর ছেলে মিলন ও ফারুক এবং মেয়ে রোজিনা ও নাসিমা সেখানে গিয়ে হামলা, ভাঙচুর ও মারামারিতে জড়ান। এ সময় জমির দলিল-দস্তাবেজ নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় মফিজ উল্ল্যার দ্বিতীয় স্ত্রী নাজমুন নাহার, ছেলে মনিরের স্ত্রী আখি বেগম এবং তাঁর শাশুড়ি কুলসুম বেগম আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন বলেও অভিযোগ করেছেন স্বজনেরা।
তবে অভিযুক্ত মিলন ও ফারুক হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, জমির দলিল হারিয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, ঘটনাটি তাঁর জানা নেই এবং এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাবার মৃত্যুর শোকের মধ্যেই সম্পত্তি নিয়ে এমন সংঘাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিখোঁজ নারীর সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com