লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত একটি মোটরসাইকেল একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে টানা ১৩ দিন পার হয়ে যায়। কিন্তু মোটরসাইকেলটি ফেরত দেওয়া হয়নি।
রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলটি ফেরত আনতে কাজিরদিঘীরপাড় বাজারে শাকিল হোসেনের কাছে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এতে হোসেন মিয়া ও তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
এদিকে মোটরসাইকেল ফেরত চাওয়ার মতো বিষয়কে কেন্দ্র করে একজন ব্যবসায়ীর প্রাণহানি এবং তাঁর ছেলের গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com