দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে শতভাগ উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
নির্দেশনা অনুযায়ী, উপবৃত্তির অর্থ জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
তবে যেসব ছাত্রী ইতোমধ্যে উপবৃত্তি পাচ্ছে অথবা যাদের নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই। যারা এখনো কর্মসূচির আওতায় আসেনি, তাদের জন্য নতুন হিসাব খোলার ব্যবস্থা করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রথমে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশেষ শর্ত রাখা হয়েছে। এ ক্ষেত্রে বাবা অথবা মায়ের কেউ জীবিত থাকতে হবে। যে অভিভাবকের নামে আবেদন করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং একই ব্যক্তির নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
এদিকে, বাবা-মা ও নির্ধারিত বিকল্প অভিভাবকদের কেউ জীবিত না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্রের মাধ্যমে বিকল্প অভিভাবক নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
সরকারের এ উদ্যোগের ফলে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের শিক্ষায় আর্থিক সহায়তা বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com