প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুর পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ আদেশ জারি করেন।
জানা গেছে, গত শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেন মুন্নার মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয়েই সামান্য আহত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ফাহিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। একই সময়ে একই স্থানে জুলাই ফাইটার্সের কর্মীরাও মুন্নার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়।
উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় লক্ষ্মীপুর পৌরসভার আওতাধীন শহর এলাকায় রোববার বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
তবে এ আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রকাশক: মো: জহির হোসাইন সম্পাদক: প্রদীপ কুমার রায়
আইন বিষয়ক উপদেষ্টা: এড. মোঃ আনোয়ার হোসেন
কার্যালয়: চায়না টাউন, ৫ তলা, নয়াপল্টন ঢাকা
কার্যালয়: গাজী কমপ্লেক্স, ৩য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর
www.deshdiganta.com