লক্ষ্মীপুরের রায়পুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী শাহরিয়ার রুবেল ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বর ঢালির ছেলে শাহরিয়ার রুবেল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। অভিযোগ, ‘Shahriar Rubel’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
এর পরিপ্রেক্ষিতে শাহরিয়ার রুবেল ফেসবুক লাইভে এসে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। লাইভে তিনি বলেন, ‘সবাই আমাকে ক্ষমা করবেন। আমার কমেন্টের কারণে আমার ঈমান চলে গেছে। আমি পুনরায় তওবা করে ঈমান আনলাম।’ এ সময় তিনি কালিমা পাঠ করে পুনরায় ঈমান আনার কথাও জানান।
তিনি আরও বলেন, একজন মুসলিম হিসেবে এ ধরনের কমেন্ট করায় আমি লজ্জিত। আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আমার দ্বারা কোনো কটূক্তিমূলক পোস্ট বা কমেন্ট হবে না। ভুলবশত শয়তানের প্ররোচনায় যে কমেন্ট করেছি, তা সম্পূর্ণ ইসলামবিরোধী। একজন মুসলমান হিসেবে এমন মন্তব্য করা আমার উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তওবা করেছি এবং ঈমান এনেছি। সবাই আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।
এদিকে, স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা বলেন, মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। তবে অভিযুক্ত ব্যক্তি যেহেতু প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তাই বিষয়টি নিয়ে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।