সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার গোলচত্বর ও ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঘোষিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে দুই গ্রামের লোকজন ওই এলাকায় জড়ো হন। এ সময় দুই যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ বিরোধ দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে চারটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।