রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, শাখাওয়াত মুনসহ তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ সময় তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় উপস্থিত থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন।
আটকের সময় শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
কে এম শাখাওয়াত মুন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তবে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।