আবু মুসা মোহন:- ২৮ মোঙ্গলবার এপ্রিল:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন বৌদ্ধ ভিক্ষুসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ থেকে ৫ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ফেরার পথে বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে খাগড়াছড়ির ইয়াংদং মঠের প্রধান ভিক্ষু, অপর একটি মঠের আরেক ভিক্ষু এবং মাইক্রোবাসের চালক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করা হয়।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।