জাতীয় নাগরিক পার্টি—এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। শুধু দলীয় পদ নয়, দলের সব ধরনের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার, ২৪ নভেম্বর এক বিবৃতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া।
পদত্যাগের বিবৃতিতে দলের দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। জাকারিয়ার দাবি, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে তাঁদের অনুসারীদের হাতে তিনি অপমান ও হেনস্তার শিকার হন।
তিনি জানান, এসব ঘটনার প্রতিকার চেয়ে দলের শৃঙ্খলা কমিটি ও শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ দিয়েও প্রায় পাঁচ মাসে কোনো সমাধান পাননি।
বিবৃতিতে জাকারিয়া আরও বলেন, এনসিপিতে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক ও নির্বাহী পরিষদের সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি দলের ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টো তৈরিতেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
তবে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
পদত্যাগ করলেও এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তবে আপাতত নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন তিনি