দেশ দিগন্ত। অনলাইন সংবাদ:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও প্রায় আড়াই টন তামার তার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৫৬ মিনিটের দিকে গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে ছয়জন ব্যক্তি কারখানার ভেতরে প্রবেশ করেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে ছিল সাদা বোরকা।
কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মিটার তামার তার লুট করে নিয়ে গেছে। এসব তারের ওজন প্রায় আড়াই টন।
ঘটনার পর শুক্রবার সকালে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিল্পাঞ্চলে ধারাবাহিক চুরি ও ডাকাতির ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
দ্রুত জড়িতদের শনাক্ত, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।