লক্ষ্মীপুরের রায়পুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। তবে মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে। জমে থাকা পানি, অপরিষ্কার ড্রেন ও ঝোপঝাড় মশার প্রজননস্থলে পরিণত হচ্ছে। এতে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন তারা।
বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারগুলোর মধ্যে। জ্বর দেখা দিলেই ডেঙ্গু আতঙ্কে হাসপাতালে ছুটছেন অনেকে।
এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রম, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানো যথেষ্ট নয়। বাড়ি, অফিস ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।
রায়পুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।