সায়েম হোসেন (সাগর), লক্ষ্মীপুর প্রতিনিধি:
গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লক্ষ্মীপুরের নারিকেল চাষ ও বাণিজ্য। চলতি মৌসুমে জেলাজুড়ে নারিকেলের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, উৎপাদিত নারিকেলের বাজারমূল্য প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকারও বেশি।
জেলার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় রয়েছে নারিকেল গাছ। অনেক পরিবার বসতবাড়ির গাছের নারিকেল বিক্রি করে সংসারের বাড়তি খরচ মেটাচ্ছে। অন্যদিকে, বাণিজ্যিক বাগান মালিকরাও নারিকেল বিক্রি করে আয় করছেন।
উৎপাদন ও বাজার পরিস্থিতি
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, লক্ষ্মীপুরে প্রায় ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে নারিকেল বাগান রয়েছে। এসব বাগান ও বসতবাড়ির গাছ থেকে প্রতিবছর গড়ে প্রায় ৫ কোটি ৩০ লাখ নারিকেল উৎপাদিত হয়।
স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার নারিকেল ট্রাক ও নৌপথে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি জোড়া নারিকেল ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
জেলার দালাল বাজার, রসুলগঞ্জ, চন্দ্রগঞ্জ, মান্দারী, হায়দরগঞ্জ, রামগঞ্জ, হাজিরহাট ও আলেকজান্ডার নারিকেল কেনাবেচার অন্যতম মোকাম হিসেবে পরিচিত। এর মধ্যে সদর উপজেলার দালাল বাজারে বসে জেলার অন্যতম বড় নারিকেলের হাট।
ছোবড়া থেকেও তৈরি হচ্ছে পণ্য
নারিকেল বাণিজ্যের পাশাপাশি এর ছোবড়া থেকেও তৈরি হচ্ছে বিভিন্ন পণ্য। ছোবড়া প্রক্রিয়াজাত করে জাজিম, পাপোশ, ওয়ালমেটসহ পরিবেশবান্ধব নানা হস্তশিল্প সামগ্রী তৈরি করা হচ্ছে। নারিকেল সংগ্রহ, পরিবহন, কেনাবেচা ও ছোবড়া ছাড়ানোর কাজে যুক্ত রয়েছেন বহু নারী-পুরুষ।
সদর উপজেলার বাসিন্দা বেলাল হোসেন জানান, তাঁর ১৫ থেকে ১৬টি নারিকেল গাছের ফল বিক্রি করেই সারা বছরের সংসার খরচ চলে যায়।
কমলনগরের ব্যবসায়ী মঞ্জুর আলম বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি নারিকেলের ব্যবসা করছেন। দেশজুড়ে নারিকেলের চাহিদা থাকায় এ ব্যবসার সঙ্গে অনেক মানুষের জীবিকা জড়িত।
শিল্পকারখানা স্থাপনের দাবি
বিপুল পরিমাণ নারিকেল উৎপাদিত হলেও জেলায় এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত নারিকেল প্রক্রিয়াজাতকরণ ও তেল উৎপাদন কারখানা। ফলে উৎপাদিত নারিকেলের সম্পূর্ণ বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীদের কারণে অনেক সময় তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। পাশাপাশি পরিকল্পিতভাবে নারিকেল চাষ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারও প্রয়োজন।
সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের মতে, লক্ষ্মীপুরে নারিকেলভিত্তিক প্রক্রিয়াজাতকরণ ও তেল উৎপাদন কারখানা স্থাপন করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাষিরা তাঁদের উৎপাদিত নারিকেলের ন্যায্যমূল্য পাবেন এবং জেলার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
তাই নারিকেল উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে লক্ষ্মীপুরে সরকারি-বেসরকারি উদ্যোগে আধুনিক প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।