লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে রামগতি উপজেলায় তিনটি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার চর আফজল ইউনিয়নের মেসার্স ভাই ভাই ব্রিকস ও এমএসবি ব্রিকস এবং রামদয়াল ইউনিয়নের আরএমজে ব্রিকস নামের তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইটভাটাগুলোর চুল্লি বিনষ্ট করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে ও ভেঙে ইটভাটাগুলো ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।