দেশ দিগন্ত সংবাদ অনলাইন:
টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত ভিডিও প্রকাশের অভিযোগে চুয়াডাঙ্গায় এক নারীকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভিডিওটি প্রকাশের পর ওই নারীকে তাঁর বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।
শনিবার, ২১ নভেম্বর সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নারীর নাম ঝর্ণা আক্তার। বয়স ৩৫ বছর। তিনি ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তারের টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁর বাড়িতে গিয়ে তাঁকে একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালিয়ে যান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত নারীর স্বামী কাদির হোসেন জানান, তাঁর স্ত্রী এমন ভিডিও তৈরি করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে প্রধানমন্ত্রীর বিষয়ে এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি বলেও জানান তিনি।
সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই ওই নারী পালিয়ে যান। তাঁকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
চুয়াডাঙ্গা থেকে প্রতিবেদন।