আরিফ হোসেন রুদ্র,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ‘শাহী হোটেল’ দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, দোকানের মালিক নিজেই দোকানে তালা লাগানোর পর রাজনৈতিকভাবে বিএনপি নেতাদের হেয়প্রতিপন্ন করতে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নেতারা। একই সঙ্গে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল ও উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন পাটোয়ারীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল বলেন, ‘দোকানের মালিক নিজেই দোকানে তালা লাগিয়েছেন—এর ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরও ওই ঘটনায় বিএনপি নেতাদের আসামি করা হয়েছে।’
তিনি দাবি করেন, গত ১০ জুলাইয়ের বিভিন্ন ভিডিওতে রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল ও মামলার বাদীকে শাহী হোটেলে তালা লাগাতে দেখা গেছে। এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যে ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই, সেখানে আমাদের নাম কেন এলো?’
শাহরিয়ার ফয়সাল আরও বলেন, দোকান নিয়ে বেলাল, জামাল ও বাপ্পির মধ্যে চুক্তির বিষয় থাকলেও এর সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে বিএনপির নেতাদের হেয়প্রতিপন্ন করতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান শাহরিয়ার ফয়সাল। তাঁর অভিযোগ, মুকুলের ভাই-ভাতিজা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের ইন্ধনে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘বিএনপিকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।’ কথিত ‘শাহী হোটেল’ দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাদের জড়ানো হলেও কাগজপত্র অনুযায়ী এ ঘটনায় বিএনপির কোনো নেতার ন্যূনতম সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ বা ষড়যন্ত্রে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দোষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মেনে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাছসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে শাহরিয়ার ফয়সাল ও সুজন পাটোয়ারীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের পাশাপাশি মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
তবে এ বিষয়ে মামলার বাদী বা অভিযুক্ত অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।