প্রদীপ কুমার রায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মুন্সি। সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আজ ১৬ এপ্রিল বহস্পতিবার এক লিখিত বক্তব্যে বিল্লাল মুন্সি বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এ কারণে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে কাজ করছি এবং যতদিন বেঁচে থাকবো, এ অবস্থান থেকে একচুলও সরবো না। একইসঙ্গে যারা না জেনে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন, তাদের এহেন কর্মকাণ্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মুন্সি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তার সহজ-সরল জীবনযাপন ও সামাজিক কার্যক্রমের কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।
এলাকাবাসীর একটি অংশ তাকে আগামী দিনে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দেখতে চায় বলেও জানা গেছে। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি পক্ষ তাকে চাপে রাখতে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিল্লাল মুন্সি বলেন, তিনি সবসময় চরপাতা ইউনিয়নবাসীর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। মাদকমুক্ত সমাজ গড়তে তার এই লড়াই অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।