আরিফ হোসেন,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর ও রায়পুর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল, প্রায় ৬০০ কেজি ইলিশ মাছ, পাঁচটি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া দুই উপজেলায় মোট ১৬ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৫ জনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার কমলনগর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল, প্রায় ৩০০ কেজি ইলিশ মাছ, ১১ জন জেলে ও পাঁচটি নৌকা আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১১ জেলেকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুরে রায়পুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে চারজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে তিন হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
রায়পুরে অভিযানে জব্দ করা প্রায় ৩০০ কেজি মাছ সাতটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘনা নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন রক্ষা এবং অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।