লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিক লেবেলিং না থাকা ও ড্রেনে বর্জ্য ফেলে জনদুর্ভোগ সৃষ্টি এবং লাইসেন্সবিহীন পেট্রোলিয়াম দ্রব্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী ও ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
উত্তর তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে ব্লকেজ সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এছাড়া ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্সবিহীন পেট্রোলিয়াম দ্রব্য বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় ফয়েজ সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর জেলা পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।