নিষেধাজ্ঞা অমান্য করায় দুই মাঝিকে ৩০ হাজার টাকা জরিমানা; জব্দ ৯০ কেজি ইলিশ ও অবৈধ কারেন্ট জাল
লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে দুই মাঝিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৯০ কেজি ইলিশ ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।
অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে দুই মাঝিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। কারেন্ট জালগুলো পরে ধ্বংস করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় নির্ধারিত সময় পর্যন্ত নদীতে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।