রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও রানিং ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়।
এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।
উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।