চট্টগ্রামে চ্যাটজিপিটি ও ইউটিউবের সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে ভাড়া বাসায় মেশিন বসানোর অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তরুণের নাম তৌহিদুল আলম আকিব। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকায়। তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় ইয়াবা তৈরির একটি মেশিন, বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম।
পুলিশ জানায়, ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন আকিব। এরপর নারায়ণগঞ্জ থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে একটি মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। সেখানে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রির পরিকল্পনা ও কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথলসহ বিভিন্ন উপকরণ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার করা ট্যাবলেটগুলো আসল না নকল ইয়াবা, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না এবং নারায়ণগঞ্জে মেশিনটি কারা বিক্রি করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রযুক্তির অপব্যবহার করে মাদক তৈরির এমন অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।