November 23, 2026, 4:34 am
শিরোনাম:
রায়পুরে আঁকাবাঁকা ও সরু সড়ক যেন মৃত্যুফাঁদ, সড়ক নিরাপত্তায় আধুনিক পরিকল্পনার দাবি এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কাল, বিকেল ৩টায় এমপি ফজলুল হকের পদত্যাগের খবর গুজব আওয়ামী লীগ ফিরতে চাইলে আবারও ‘আবাবিল’ আসবে: ডা. শফিকুর রহমান টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ঘেরাওয়ের পর জানালা ভেঙে পালালেন তরুণী যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের সুপারিশ স্বর্ণের বাজারে বড় ধস, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা রায়পুরে শীর্ষ জঙ্গি গ্রেপ্তার: দুই মাসের গোপন আস্তানায় কারা ছিল নেপথ্যের সহযোগী? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আঁকাবাঁকা ও সরু সড়ক যেন মৃত্যুফাঁদ, সড়ক নিরাপত্তায় আধুনিক পরিকল্পনার দাবি

Reporter Name

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোতে বাঁক, সরু পথ, অপরিকল্পিত নির্মাণ ও পর্যাপ্ত সড়ক নিরাপত্তাব্যবস্থার অভাবে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। উপজেলার বিভিন্ন সড়কের বিপজ্জনক বাঁকগুলো এখন চালক ও পথচারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, বাড়ছে জনদুর্ভোগ। অথচ এসব সড়ক নিরাপদ করতে কার্যকর ও আধুনিক উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
রায়পুর-লক্ষ্মীপুর, রায়পুর-চাঁদপুর এবং ঢাকা ও চট্টগ্রামমুখী আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে রয়েছে অসংখ্য আঁকাবাঁকা পথ। বিশেষ করে বাসাবাড়ি বাজার, জকসিন বাজার, মান্দারি, জনতাবাজার, মাইলের মাথা ও বোর্ডারবাজার এলাকার বাঁকগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। চলতি বছরে এসব এলাকায় দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রায়পুরের প্রবেশপথ, সিকদার রাস্তার মাথা থেকে রবিদাস পুল হয়ে বোর্ডারবাজার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশও ঝুঁকিপূর্ণ। কোথাও সড়ক সরু, কোথাও হঠাৎ বাঁক, আবার কোথাও সড়কের দুই পাশের ঝোপঝাড় ও গাছপালার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না। এসব পথে অপরিচিত চালকদের চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোকসজ্জা, সতর্কতামূলক সাইন ও দৃশ্যমান রোড মার্কিং না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
যানবাহনের সংখ্যা বাড়লেও অনেক সড়ক পুরোনো নকশা ও সীমিত প্রশস্ততা নিয়ে রয়ে গেছে। স্থানীয়দের মতে, সড়ক নির্মাণ ও সংস্কারের সময় শুধু পিচঢালাই কিংবা গর্ত মেরামত নয়, বরং বাঁকগুলো কতটা নিরাপদ, চালকের দৃষ্টিসীমা কতটুকু, পথচারীদের চলাচলের জায়গা আছে কি না এবং যানবাহনের চাপ সামলানোর সক্ষমতা কতটুকু—এসব বিষয় বিবেচনায় নেওয়া জরুরি।
সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, রায়পুর-লক্ষ্মীপুরসহ বিভিন্ন আঞ্চলিক সড়কের বেশ কিছু ঝুঁকিপূর্ণ বাঁক চিহ্নিত করা হয়েছে। বাঁকগুলোর দুই পাশে গাছপালা ও ঝোপঝাড় থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দেখা যায় না। অনেক জায়গায় প্রয়োজনীয় সতর্কতামূলক সাইন, সড়ক নির্দেশনা ও রোড মার্কিংও নেই। এসব সমস্যা দূর করতে সড়ক প্রশস্ত করা এবং বাঁকগুলো নিরাপদ করার প্রয়োজনীয়তা রয়েছে।
ঝুঁকিপূর্ণ সড়কগুলো নিরাপদ করতে ২০১৯ সালে লক্ষ্মীপুর সড়ক বিভাগের পক্ষ থেকে রোড ডিজাইন অ্যান্ড সেফটি সার্কেল বিভাগকে চিঠি দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ওই বছর প্রতিনিধিদল স্থানীয় প্রকৌশলী ও কর্মকর্তাদের নিয়ে কয়েকটি ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শন করে এবং নিরাপত্তা উন্নয়নে সুপারিশ প্রণয়ন করে।
সুপারিশগুলোর মধ্যে ছিল সড়কের পাশে থাকা বড় গাছ অপসারণ করে প্রয়োজনীয় প্রশস্ততা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ ও ট্রাফিক সাইন ম্যানুয়াল অনুযায়ী সতর্কতামূলক সাইন-সিম্বল স্থাপন, রোড মার্কিং করা এবং বাঁকে কনভেক্স মিরর বা লুকিং গ্লাস বসানো। বেশি ঝুঁকিপূর্ণ অংশের ভূমি সমতল করে প্রয়োজনীয় রিটার্নিং ওয়াল নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল।
তবে শুধু সড়ক প্রশস্ত করলেই দুর্ঘটনা কমবে না বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, সড়ক ব্যবস্থাপনায় আধুনিক চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। ঝুঁকিপূর্ণ বাঁকগুলো পর্যায়ক্রমে সরলীকরণ, দৃষ্টিসীমা বাধামুক্ত রাখা, সড়কের পাশে নিরাপদ হাঁটার জায়গা, বাজার এলাকায় গতিসীমা নিয়ন্ত্রণ, যানবাহন পার্কিংয়ের নির্দিষ্ট ব্যবস্থা এবং নিয়মিত সড়ক নিরাপত্তা নিরীক্ষা চালু করা জরুরি।
গ্রামীণ সড়কগুলোতে এখন কৃষিপণ্য পরিবহন, যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ব্যাটারিচালিত যান ও মালবাহী যান একসঙ্গে চলাচল করছে। কিন্তু এসব যানবাহনের গতির পার্থক্য এবং সড়কের সীমিত প্রশস্ততা অনেক ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে। বাজার ও জনবসতিপূর্ণ এলাকায় পথচারী পারাপারের নিরাপদ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।
সড়ক নিরাপত্তাসংশ্লিষ্টদের মতে, রায়পুরের সড়ক উন্নয়নে এখন প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। শুধু জরুরি সংস্কার নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সড়কের বাঁক, প্রশস্ততা, ড্রেনেজ, যানবাহনের চাপ, পথচারীর নিরাপত্তা ও ভবিষ্যৎ যোগাযোগব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সড়কের পাশে অবৈধ স্থাপনা, অপরিকল্পিত প্রবেশপথ ও যত্রতত্র যানবাহন থামানোর প্রবণতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর সাময়িক উদ্যোগ না নিয়ে ঝুঁকিপূর্ণ সড়ক ও বাঁকগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হোক। সড়কের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, পর্যাপ্ত সতর্কতামূলক সাইন, বাঁকে কনভেক্স মিরর, রাতের দৃশ্যমানতা বাড়ানো এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সড়ক যোগাযোগ উন্নয়ন শুধু যাতায়াতের সুবিধা নয়; এটি মানুষের জীবন, জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তাই রায়পুরের সড়কগুলোকে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত, পরিকল্পিত ও সময়োপযোগী উদ্যোগ এখন জরুরি। দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের সংস্কৃতি গড়ে তোলাই হতে পারে নিরাপদ সড়কের প্রথম পদক্ষেপ।

প্রদীপ কুমার রায়
সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)
মোবাইল: 01712659510


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা