বান্দরবানে বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন
মোহন বিশেষ প্রতিনিধি:-বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, শহরের উজানীপাড়া, মধ্যমপাড়া, বালাঘাটা, কালাঘাটা ও কামেমপাড়াসহ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা, গাঁজা মাদক কেনাবেচা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কেউ কেউ নিয়মিত মাশহারা (অবৈধ সুবিধা) দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন কৌশলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
এদিকে, কিছু ক্ষেত্রে প্রশাসনের কোনো কোনো সদস্যের সহযোগিতা বা গাফিলতির অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে।
স্থানীয়দের দাবি, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সম্পৃক্ততার অভিযোগ থাকলে তদন্ত করে সত্যতা প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আরো তথ্য দরকার তাই প্রশাসনের বক্তব্য নেওয়া হয়নাই পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।