লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়ভাবে তিনি ‘খোরশেদ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত ছিলেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে খোরশেদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, ওয়ালিদ নামে এক ব্যক্তি তাঁকে গুলি করেছেন বলে তাঁদের অভিযোগ।
স্বজনদের দাবি, মাটির ব্যবসা নিয়ে এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জানান, খোরশেদকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। তাঁর শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।