দেশ দিগন্ত। অনলাইন ডেস্ক:
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ৩টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা—ডিবি।
পুলিশ জানায়, মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় পকেটমার চক্রের তৎপরতা ঠেকাতে বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৬৫ নারীকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, শনিবার বিকেল ৩টা থেকে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে শুরু হয়েছে তাফসির মাহফিল। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।
বিপুল মানুষের সমাগম ঘিরে মাহফিলস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: প্রথম আলো, বিডিনিউজ২৪ ও এনটিভি অনলাইন।