রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রায়পুর প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম সহকর্মীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বুধবার(১৮ মার্চ ) বিকেলে রায়পুর প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সত্য তুলে ধরা এবং মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নীরবে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন। তাদের অবদান সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ রাখবে।
রায়পুর প্রেসক্লাবের সভাপতি ড. একেএম ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা প্রয়াত সহকর্মীদের স্মৃতিচারণ করেন।
বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি ড. একেএম ফজলুল হক।
এ সময় উপস্থিত সাংবাদিকরা মরহুম সহকর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।