আবু মুসা মোহন, রায়পুর বিশেষ প্রতিনিধি :-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে উপজেলার ৫নং চরপাতা এলাকার ঠাকুরবাড়ি পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন সুলতান খাঁনের ছেলে। তাঁর বাড়ি হাজীগঞ্জের পশ্চিম কাদিরা গ্রামের ১নং ওয়ার্ডের গাবতলী খানবাড়িতে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূজামণ্ডপে মরিচা বাতি (আলোকসজ্জার বাতি) লাগানোর সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল হোসেন। পরে তাঁকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওজিয়া মোস্তফা তাঁকে মৃত ঘোষণা করেন।
পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ ও আলোকসজ্জার কাজে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে।