রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা মধ্যবাজার এলাকায় একটি বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউনের পূর্ব পাশে। স্থানীয় একটি হাড়ি-পাতিল বিক্রির দোকানের পেছনে পূর্ব দিকে প্রায় ৩০০ ফুট ভেতরের একটি বাগানে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি নারিকেল পাড়তে গাছে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে, নারিকেল পাড়ার সময় গাছ থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।