জাকির হোসাইন:
লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি পরীক্ষায় গুরুতর অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ভুল সেটে প্রশ্নপত্র বিতরণের ঘটনায় ১১৩ জন পরীক্ষার্থীর ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবের (৫ মে) রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি কেন্দ্রের দ্বিতীয় ভেন্যুতে এ ঘটনা ঘটে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের নৈবিত্তিক পরীক্ষার নির্ধারিত ছিল প্রশ্নপত্রের তিন নম্বর সেট। তবে সেখানে ভুলবশত এক নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়।
ঘটনাটি বুধবার (৬ মে) প্রকাশ্যে আসার পর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ফারুকীকে শোকজ করা হয়েছে। তিনি জবাব দিতে বোর্ডে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। তবে এখনো তাকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার পরই তারা বিষয়টি বুঝতে পারে। অনেকেই মানসিক চাপ ও দুশ্চিন্তায় পড়েছে। পরীক্ষার্থী মিল্লাত হোসেন ও সৌরভ হোসেন বলেন, “আমরা পরে বুঝতে পারি ভুল সেটে পরীক্ষা দিয়েছি। প্রশ্নের মানেও পার্থক্য ছিল।”
এ ঘটনাকে ‘গুরুতর দায়িত্বে অবহেলা’ হিসেবে উল্লেখ করে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেন, শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না; যে সেটে পরীক্ষা হয়েছে, সেই অনুযায়ী খাতা মূল্যায়ন করা হবে।
কেন্দ্র সচিব মোস্তফা ফারুকী ভুলের দায় স্বীকার করে জানান, পরীক্ষার আগে সিসিটিভি সংক্রান্ত সমস্যায় ব্যস্ত থাকায় অন্য এক শিক্ষক ভুল করে প্রশ্নপত্র খুলে ফেলেন। নিয়ম অনুযায়ী কেন্দ্র সচিবের উপস্থিতিতে নির্ধারিত সেটের প্রশ্ন খোলার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি ইতোমধ্যে শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের উত্তরপত্র গ্রহণ করা হবে।
এ ঘটনায় পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এমন অবহেলা রোধে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।