আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৯ আগস্ট) উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের নির্দেশনায় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে একটি অবৈধ ড্রেজার ও প্রায় ৪ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পরে জব্দ করা সরঞ্জামগুলো বিনষ্ট করা হয়েছে।
রায়পুর উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।