মারুফ হাওলাদার সৌদি প্রতিনিধি:-সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১০ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রিয়াদের মানফুয়া বা খোরদাম এলাকার একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ১০ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেলেও তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নিহতদের সবাই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা (ডুবাই) গ্রামের দুজন এবং পারকাসুন্দা ও উদনপৈ গ্রামের বাসিন্দারাও রয়েছেন।স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। হঠাৎ সেখানে আগুনের সূত্রপাত হলে তাঁরা ভেতরে আটকা পড়েন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তদন্ত চলছে বলে জানা গেছে।