ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে আজ মধ্যরাত থেকে নদী ও সাগরে শুরু হচ্ছে আট মাসের নিষেধাজ্ঞা। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।
এ সময় ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির ছোট ইলিশ, যা জাটকা নামে পরিচিত, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে।
আইন অমান্য করে জাটকা আহরণ বা নিষিদ্ধ কার্যক্রমে জড়িত হলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এদিকে, পটুয়াখালী জেলায় নিষেধাজ্ঞাকালীন সময়ে নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
মৎস্য বিভাগের আশা, জাটকা সংরক্ষণ করা সম্ভব হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।
তাই জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা আহরণ থেকে বিরত থাকতে জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশ দিগন্ত | অনলাইন সংবাদ