লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরে বোমা থাকার সন্দেহে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়িতে মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত ঘরে সন্দেহজনক দুটি টিনের ডিব্বা দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডিব্বা দুটি পরীক্ষা করেন।
তবে ডিব্বা দুটির ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা না করা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, পুলিশি নির্দেশনা মেনে চলতে এবং ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে স্থানীয়দের প্রতি সতর্কতা জারি করা হয়েছে।
ঘটনাস্থলে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।