
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চুরির অভিযোগে আটক এক যুবককে শারীরিক শাস্তি না দিয়ে নামাজ পড়ানোর মাধ্যমে সংশোধনের সুযোগ দিয়েছে একটি মাদ্রাসা কর্তৃপক্ষ।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই যুবক রাতে মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও উপস্থিত ব্যক্তিরা তাকে মারধর না করে অজু করিয়ে মসজিদে নামাজ পড়ান এবং সুপথে ফেরার উপদেশ দেন।
পরে ভবিষ্যতে এমন অপরাধ না করার অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের মানবিক আচরণের প্রশংসা করছেন অনেকেই।