নিজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে রামগতি উপজেলার চর আফজল ইউনিয়নে অবস্থিত মেসার্স শাহজালাল নামের একটি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইটভাটার হাওয়াই চিমনি ও চুল্লি বিনষ্ট করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে ও ভেঙে ইটভাটাটি ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন রামগতি, লক্ষ্মীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।
এ সময় বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।