ভেজাল ও অনিয়ম রোধে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
ভোক্তা অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের নৈতিক ও দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ খাদ্য সরবরাহ, পণ্যের মান বজায় রাখা এবং ভেজাল প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা তথ্য অফিসার, বণিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ ছাড়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতি, সিলিন্ডার গ্যাস ডিলার, বেকারি মালিক, ফল ও মুদি ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, বিভিন্ন ফার্মেসির মালিক, সিসিএসের সদস্য এবং বাস পরিবহনের এজিএমবৃন্দ সভায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করার পাশাপাশি আইনটির যথাযথ বাস্তবায়ন, ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাজারব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।