শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণ দেখিয়ে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্পিকার সংসদকে জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকরের সিদ্ধান্ত নিয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, পদত্যাগপত্র গ্রহণের তারিখ থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়েছে। সে হিসাবে গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য রয়েছে।
পদত্যাগপত্রে ওসমান ফারুক দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার বিষয়টি উল্লেখ করেছেন। নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে জানিয়েছেন। সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক। পরে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তাঁর পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন করে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া সামনে আসবে।