লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় এক গৃহবধূর কন্যাসন্তান জন্ম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন স্বামী। অন্যদিকে, ওই গৃহবধূ তাঁর বর্তমান পরিস্থিতির জন্য এক নিকটাত্মীয়কে দায়ী করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী আখনবাজার এলাকার এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার মিরাজ হোসেনের বিয়ে হয়।
বিয়ের পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।
বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্মের বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর স্ত্রীকে তালাকনামা পাঠান স্বামী মিরাজ হোসেন।
এদিকে, ওই গৃহবধূর অভিযোগ, তাঁর এ পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই ও প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। তিনি বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিয়ে ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
স্বামী মিরাজ হোসেনের দাবি, খোঁজখবর নিয়ে স্ত্রীর মামাতো ভাইয়ের সম্পৃক্ততার বিষয়ে জানতে পেরে তিনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সদস্যদের নিয়ে তাঁর কার্যালয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছে।
তবে ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
দেশ দিগন্ত | অনলাইন সংবাদ