আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি-: রাজধানীর জুরাইন সেতু মার্কেটের নিচ থেকে পাঁচটি ককটেলসহ নাইম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এনএসআই ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানের সময় তার কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ (ডিসপোজাল) দলের সদস্যদের ঘটনাস্থলে আসার অপেক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর জুরাইন সেতু মার্কেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
উদ্ধার হওয়া ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।