প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) রায়পুর থানাধীন ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মহিউদ্দিন আহমদসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় দুইটি মোটরসাইকেলে থাকা চারজনকে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপর তিনজনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রায়পুর থানা পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।