আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল শাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইসহাক শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, একটি অভিযোগের তদন্তের জন্য ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।