দেশ দিগন্ত অনলাইন সংবাদ:
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলায় সাফল্যের শীর্ষে রয়েছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার ৯৮ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর বিবেচনায় কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরাদের তালিকায়ও স্থান করে নিয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৩৬৮ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ২৪ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৮ জন, মানবিক বিভাগ থেকে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস পেয়েছে ১১৮ জন, বি গ্রেড পেয়েছে ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে ৩ জন শিক্ষার্থী।
ফলাফলে এমন সাফল্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা এ অর্জনকে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতার ফল হিসেবে দেখছেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় পাসের হারে এগিয়ে রয়েছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।