আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬, লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের জন্য বিশেষায়িত ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার।
উদ্যোগটি হয়তো বড় কোনো আয়োজন দিয়ে শুরু হয়নি, তবে সময়োপযোগী এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রীদের ইংরেজি ভাষা শেখার সুযোগ আরও আনন্দময় ও সহজ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই ল্যাঙ্গুয়েজ ক্লাব শুধু গতানুগতিক শ্রেণিকক্ষ নয়; এটি হবে ছাত্রীদের শেখা, অনুশীলন ও আত্মবিশ্বাস তৈরির একটি আনন্দময় পরিবেশ। ভয় বা জড়তা দূরে রেখে মজার ছলে ইংরেজি ভাষা চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলবে শিক্ষার্থীরা—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এদিকে, একটি জরাজীর্ণ ও পরিত্যক্ত কক্ষকে নান্দনিকভাবে সাজিয়ে ক্লাবের উপযোগী করে তোলায় প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছে উপজেলা প্রশাসন।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের’ কার্যক্রম।